‘বমি উঠে আসছে…’ ককরোচদের আন্দোলন ও ভাষা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত

‘বমি উঠে আসছে…’ ককরোচদের আন্দোলন ও ভাষা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত

NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছিল ‘ককরোচ জনতা পার্টি’। শেষ পর্যন্ত তাদের চাপের মুখেই পদত্যাগ করতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। তবে এই আন্দোলনকারীদের কিছু ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁদের আচার-আচরণ ও ভাষা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কী নিয়ে ক্ষোভ কঙ্গনার?

সমাজমাধ্যমে ককরোচদের আন্দোলনের বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। তাঁর অভিযোগ, প্রতিবাদের নামে কিছু তরুণ-তরুণীর আচরণ অত্যন্ত অশালীন এবং তা দেশের সংস্কৃতির পরিপন্থী। কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি জীবনে কোনওদিন এক জায়গায় এত কদর্যতা দেখিনি।…এ সব দেখে বমি উঠে আসছে।’ তাঁর মতে, যেকোনো যৌক্তিক দাবির পক্ষে আন্দোলন হতেই পারে, কিন্তু তার প্রকাশভঙ্গি শালীন হওয়া দরকার।

ককরোচদের আন্দোলন নিয়ে ঠিক কী আপত্তি?

প্রতিবাদীদের একটি অংশের শারীরিকভঙ্গিমা ও মুখের ভাষা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কঙ্গনা। তাঁর বক্তব্য, ‘সবকিছুই যেন একযোগে অত্যন্ত কর্কশ ও কুরুচিপূর্ণ। উফফ… কারা এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’

কঙ্গনার আরও সংযোজন, ‘আপনারা নিজেদের যে নামেই অভিহিত করুন না কেন, আপনাদের আচরণ ঠিক তেমনই। এর মধ্যে কোনো বিরোধ নেই। আপনারা কেবল আপনাদের নোংরামি, আবর্জনা ও কদর্যতা দিয়েই চারপাশ আচ্ছন্ন করে রেখেছেন।’

NEET ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি

NEET পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের পর থেকেই পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি তুলেছে। বিষয়টি সংসদীয় রাজনীতিতেও তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। সোমবারই পরীক্ষা ব্যবস্থায় বদল আনতে এবং প্রশ্নফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নতুন বিল এনেছে কেন্দ্র সরকার।

লোকসভায় ব্যাপক হট্টগোলের মধ্যেই প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিলটি পেশ করা হয়, যেটিকে অবশ্য ‘লোক দেখানো’ বলে দাবি করেছে বিরোধীরা। এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয়, বিরোধীরা মনস্থির করে ফেলেছে যে যতক্ষণ না তারা ক্ষমতায় বসছে, বিষয়গুলো যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তারা সংসদকে কাজ করতে দেবে না। এমনকি বিরোধী দলের সাংসদরা পরীক্ষা সংস্কার বিল উত্থাপনেরও তীব্র বিরোধিতা করেছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *