পেরেকের বিছানায় দণ্ডি কেটে ২০ কিমি পথ পাড়ি! মহাদেবের আশীর্বাদ পেতে অন্ডালের যুবকের অবিশ্বাস্য কাণ্ড

পবিত্র শ্রাবণ মাস চলছে। আজ শিব ঠাকুরের দ্বিতীয় সোমবার। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে রাজ্যজুড়ে চলছে বিশেষ ব্রত ও পুজো-অর্চনা। তবে শ্রাবণের এই সোমবার সকলের নজর কেড়ে নিলেন দুর্গাপুরের অন্ডালের এক যুবক। শিবের কৃপা পেতে আক্ষরিক অর্থেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পেরেকের ওপর দিয়ে দণ্ডি কেটে শিবমন্দিরে পৌঁছলেন তিনি।
ঠিক কী ঘটেছে? দুর্গাপুরের অন্ডালের বাসিন্দা বিজয় বাউরি নামের ওই যুবক মহাদেবের আশীর্বাদ পাওয়ার আশায় এ বছর এক অত্যন্ত কঠোর ব্রত পালন করছেন। শ্রাবণ মাসের এই বিশেষ দিনে তিনি একটানা ২০ কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে শিবমন্দিরে যান। তবে তাঁর এই দণ্ডিকাটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো ছিল না। দেখা যায়, একটি রবারের মাদুরের মতো বস্তুর ওপর নিখুঁতভাবে গোঁজা রয়েছে অজস্র তীক্ষ্ণ পেরেক। রাস্তায় সেই পেরেকের ‘বিছানা’ পেতে তার ওপর ভর দিয়েই দণ্ডি কাটতে শুরু করেন ওই যুবক। এমন রোমহর্ষক ও কষ্টকর দৃশ্য দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অনেকে আবার পুরো ঘটনাটি মোবাইলের ক্যামেরায় বন্দিও করেন।
কিন্তু এমন চরম পথ কেন বেছে নিলেন তিনি? নিজের এই কঠিন ব্রত সম্পর্কে বিজয় বলেন, “দীর্ঘদিনের একটি মনস্কামনা পূরণের উদ্দেশ্যেই আমি এই কঠিন পথ বেছে নিয়েছি। আমার মনস্কামনা শেষ পর্যন্ত পূরণ হবে কি না জানি না, তবে আমার অগাধ বিশ্বাস যে মহাদেব আমার সঙ্গেই আছেন।”
উল্লেখ্য, সনাতন ধর্মে শ্রাবণ মাসের প্রতি সোমবারের মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয়, এই দিন ভক্তিভরে শিবের আরাধনা করলে পুণ্যলাভ হয় এবং জীবনের সমস্ত বাধাবিপত্তি কেটে যায়। তবে কেবল পুজো দেওয়াই নয়, শ্রাবণের এই বিশেষ দিনগুলোতে খাওয়াদাওয়া ও আচার-অনুষ্ঠানের ক্ষেত্রেও কঠোর নিয়ম মেনে চলেন ভক্তরা।