Weather Update: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব, ভাসবে কলকাতা সহ একাধিক জেলা!

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার অবনতি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগের প্রভাব পড়তে পারে কলকাতাতেও।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে। এছাড়া উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া বাঁকুড়া, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে এবং হালকা বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের মতে, আজ শহরবাসীর জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে, তাই ঘর থেকে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝোড়ো হাওয়ার তাণ্ডব
আজ বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
দক্ষিণবঙ্গে দুর্যোগ চললেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কম ছিল। তবে আজ থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি ফের বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।