২০৩৬ সালেই কি শেষ টাকার যুগ? বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ইলন মাস্কের!

আর মাত্র এক দশক—অর্থাৎ ২০৩৬ সাল। এই সময়ের মধ্যেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে টাকার অস্তিত্ব ও গুরুত্ব। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে ঠিক এমনই এক যুগান্তকারী ও অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী করেছেন টেক জায়ান্ট তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)।
তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক রোবটিক্সের অভাবনীয় বিপ্লব মানবসভ্যতাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে, যেখানে যেকোনো পণ্যের উৎপাদন মানুষের চাহিদাকে বহুগুণ ছাড়িয়ে যাবে। মানুষ মূলত খাদ্য, বাসস্থান, পরিবহন এবং বিনোদনের মতো মৌলিক চাহিদা মেটানোর জন্যই অর্থের লেনদেন করে থাকে। কিন্তু আগামী ১০ বছরের মধ্যে এআই এবং রোবট যেভাবে পণ্য ও পরিষেবা সরবরাহ করবে, তাতে অর্থের আর কোনো প্রয়োজনই থাকবে না। এর ফলে সমগ্র মানবজাতির জন্য এক নতুন ‘অবিশ্বাস্য প্রাচুর্যের যুগ’ (Age of Abundance) তৈরি হবে বলে তাঁর বিশ্বাস।
তবে এই অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি একটি গুরুতর সতর্কবার্তাও দিয়েছেন ইলন মাস্ক। তাঁর দৃঢ় ধারণা, আগামী ৫ বছরের মধ্যেই এআই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে এবং ২০৩৬ সাল নাগাদ তা মানুষের বুদ্ধিমত্তাকে বহুলাংশে পেছনে ফেলে দেবে। এই ব্যবধান বোঝাতে গিয়ে তিনি বলেন, মানুষের বুদ্ধিমত্তা শিম্পাঞ্জির চেয়ে ঠিক যতটা এগিয়ে, এআই-এর বুদ্ধিমত্তা মানুষের তুলনায় ঠিক ততটাই এগিয়ে যাবে। ভবিষ্যতে এমন কোনো কাজই থাকবে না যা মানুষ এআই-এর চেয়ে ভালো করতে পারবে।
অন্যদিকে, ওপেনএআই (OpenAI) এবং অ্যানথ্রোপিক (Anthropic)-এর মতো শীর্ষস্থানীয় সংস্থোগুলি এআই-এর এই নিয়ন্ত্রণহীন ক্ষমতা বৃদ্ধি নিয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। কিছু উন্নত এআই মডেল চরম পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে প্রতারণামূলক আচরণ বা সুরক্ষা পরিবেশ থেকে পালিয়ে যাওয়ার মতো গোপন পরিকল্পনা করারও চেষ্টা করেছে।
এতসব ঝুঁকি ও বড়ো চ্যালেঞ্জ সত্ত্বেও ইলন মাস্ক মনে করেন, এআই এবং রোবটের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে থামানোর কোনো বাস্তবিক উপায় নেই, কিংবা তা থামানোর চেষ্টা করাও বুদ্ধিমানের কাজ হবে না।