‘দিদিকে না তাড়ালে কংগ্রেসের এই হাল হত না!’ প্রিয়াঙ্কাকে সরাসরি খোঁচা কল্যাণের

সংসদের বাদল অধিবেশনে সাসপেন্ড হওয়ার পর থেকে লোকসভা ভবনের বাইরে অভিনব প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় তৃণমূল ছেড়ে যাওয়া বা বিদ্রোহী ২০ জন সাংসদের ছবি সম্বলিত পোস্টার ঝুলিয়ে ‘গদ্দার’ স্লোগান দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ই তাঁর দিকে এগিয়ে আসেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। হালকা মেজাজে শুরু হলেও, মুহূর্তের মধ্যেই সেই সাক্ষাৎ বদলে যায় রাজনৈতিক বাকযুদ্ধে।
কল্যাণের গলায় ঝুলতে থাকা পোস্টার দেখে প্রিয়াঙ্কা হাসি মুখে জানতে চান, পোস্টারে কাদের ছবি? উত্তরে কল্যাণ বলেন, “এখানে ২০ জন গদ্দার রয়েছে, যারা এখন মোদীজির পাশে বসে আছেন।” এর পরেই প্রিয়াঙ্কা কৌতুক করে খোঁচা দিয়ে বলেন, “কিছু লোক প্রথমে আমাদের দল (কংগ্রেস) থেকে আপনাদের দলে গিয়েছিল, আর এখন আপনাদের দল থেকে বিজেপিতে গেছে।”
প্রিয়াঙ্কার এই মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, “১৯৯৭ সালে আপনারা দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) দল থেকে তাড়িয়েছিলেন। দিদিকে যদি না তাড়াতেন, তবে আজ কংগ্রেসের এই হাল হত না।” একই সাথে তিনি জানান যে তিনিও একসময় যুব কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন এবং তৃণমূলের টিকিটে জেতা প্রার্থীরাই পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পেরেছেন।
তর্ক-বিতর্কের মাঝেই অবশ্য প্রিয়াঙ্কা মন্তব্য করেন, তাঁর বাবা রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করতেন। সংসদ চত্বরে দুই দলের শীর্ষ রাজনীতিকদের এই সৌজন্যের আড়ালের তীক্ষ্ণ রাজনৈতিক তরজার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।