নেপালে পলায়নের ছক ভেস্তে দিল পুলিশ, দার্জিলিং থেকে জালে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম!

নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেও শেষরক্ষা হলো না। রামপুরহাটের অবৈধ পাথর কারবার কাণ্ডে ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে বিচারক তা মঞ্জুর করেন।
ঘটনার সূত্রপাত ঘটেছিল গত বছরের ২৫ সেপ্টেম্বর, যখন রামপুরহাট-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অবৈধ পাথর কারবারের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করে। একই সঙ্গে স্থানীয় মহকুমা শাসকের কাছেও একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে আধিকারিকরা এলাকায় একাধিক অবৈধ পাথর খাদান ও বেআইনি ব্যবসার সন্ধান পান, যেখানে শেখ ওয়াসিমের নাম জড়িয়ে পড়ে।
সম্প্রতি টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর এই ঘটনার মোড় ঘোরে। মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়, যা ধৃতের পরিবার টুলু মণ্ডলের বলে দাবি করেছে। মিনারকে জিজ্ঞাসাবাদের পরই ভাগ্নে শেখ ওয়াসিমের নাম ও তাঁর সম্পৃক্ততার প্রমাণ পুলিশের হাতে আসে। বিপদ বুঝে ওয়াসিম নেপালে পালানোর ছক কষলেও, দার্জিলিং থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, এই অবৈধ পাথর ব্যবসার জাল অনেকটাই বিস্তৃত। শেখ ওয়াসিমের সঙ্গে টুলু মণ্ডলের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক কী ছিল এবং এই চক্রে আরও কারা জড়িত, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।