কুঁড়েঘরে ঢুকে ঘুমন্ত মহিলার মাথা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ! শিউরে ওঠার মতো মর্মান্তিক ঘটনা

গভীর রাতে কুঁড়েঘরে ঘুমিয়ে থাকা এক আদিবাসী মহিলার ওপর হামলা চালাল এক হিংস্র বাঘ। ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত মহিলার মাথা কামড়ে ধরে প্রায় ৩০০ মিটার দূরে টেনে নিয়ে যাওয়ার এক শিউরে ওঠার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
ঠিক কী ঘটেছিল? ঘটনাটি ঘটেছে বিশ্বখ্যাত কানহা জাতীয় উদ্যানের খাপা রেঞ্জ সংলগ্ন পররাপুর বৈগাটোলা গ্রামে। নিহত মহিলার নাম সুগনি বাই ধুরভে। রবিবার রাত দেড়টা নাগাদ বাঘটি আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে। সুগনি বাই যে কুঁড়েঘরটিতে ঘুমাচ্ছিলেন, সেটিতে কোনো দরজা ছিল না। সেই সুযোগে ঘরের ভেতর ঢুকে বাঘটি তাঁর মাথা কামড়ে ধরে ফাঁকা মাঠ ও জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে থাকে।
স্বজনদের চিৎকার শুনে শত শত গ্রামবাসী টর্চ হাতে ছুটে এলে বাধ্য হয়ে বাঘটি আহত মহিলাকে ৩শ মিটার দূরে ফেলে রেখে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
নিরাপত্তাহীন বাসস্থান ও চরম পরিণতি: স্থানীয় সূত্রে জানা গেছে, চরম দারিদ্র্যের কারণে আদিবাসী পরিবারটি দরজাহীন কুঁড়েঘরে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছিল। সরকারি আবাসন প্রকল্পের সুবিধা না পাওয়াই যে এই ট্র্যাজেডির অন্যতম কারণ, তা মানছেন ক্ষুব্ধ বাসিন্দারা।
ঘটনার পর পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার গুরুত্ব বুঝে বন দফতর এলাকায় খাঁচা বসানোর সিদ্ধান্ত নিয়েছে এবং টহলদারি বাড়িয়েছে। পাশাপাশি রাতের বেলা সতর্ক থাকা ও অকারণে জঙ্গলমুখী না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে প্রশাসন।