টুলু-মিনারের পর এবার সিতেশ! বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধারের জালে আরও এক ম্যানেজার

বীরভূম: বীরভূমের বহুল আলোচিত কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তদন্তের জাল যত গুটাচ্ছে, সামনে আসছে একের পর এক নতুন নাম! পাথর ব্যবসায়ী ‘টুলু’ ওরফে মহম্মদ নাজিমুদ্দিনের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের পর এবার পুলিশের জালে ধরা পড়ল তাঁর আরেক ম্যানেজার সিতেশ প্রামাণিক।
রবিবার রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মহম্মদবাজার থানার পুলিশ সিতেশকে গ্রেপ্তার করে।
কী ঘটেছিল?
প্রসঙ্গত, কিছুদিন আগেই টুলু মণ্ডলের আত্মীয় তথা ম্যানেজার মিনার মণ্ডলের গ্রামের সাদামাটা দোতলা বাড়িতে তল্লাশি চালিয়ে থরে থরে সাজানো কোটি কোটি নগদ টাকা এবং প্রচুর সোনা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় মিনারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, টুলুর অবৈধ র্যাকেটের উপার্জিত টাকাই রাখা হয়েছিল মিনারের বাড়িতে। তবে মূল অভিযুক্ত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল এখনও পলাতক।
দুর্নীতির জাল ছড়াচ্ছে অন্য জেলাতেও
তদন্তকারীদের মতে, এই দুর্নীতির সাথে শুধুই বীরভূম নয়, জড়িয়ে রয়েছে অন্য জেলাও।
- পাথর থেকে টেন্ডার দুর্নীতি: বীরভূমের পাথর ব্যবসার পাশাপাশি রাস্তার টেন্ডার দুর্নীতিতেও নাম জড়িয়েছে প্রভাবশালী টুলুর।
- এগরা সংযোগ: পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায় কশবা গোলা থেকে জলপারুল পর্যন্ত সাড়ে নয় কোটি টাকার একটি রাস্তার কাজের টেন্ডার পাইয়ে দেওয়াকে কেন্দ্র করে বড়সড় অনিয়ম ও হুমকির অভিযোগ সামনে এসেছে।
পুলিশের অনুমান, এই চক্রের পেছনে আরও বহু প্রভাবশালী জড়িত রয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা ও সোনার আসল উৎস জানতে এবং বাকীদের খোঁজে বিভিন্ন স্থানে জোরদার তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।