তৃণমূলে আবার ভাঙন? মমতার হাত ছাড়ছেন আরও ২ সাংসদ, ইঙ্গিত কাকলি ঘোষ দস্তিদারের

নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা উস্কে দিয়ে কালীঘাট শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন নবগঠিত ‘এনসিপিআই’ (NCPI)-তে যোগ দেওয়া বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দিল্লিতে তিনি স্পষ্ট জানান, বর্তমান তৃণমূল কংগ্রেসের আরও দু’জন সাংসদ তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে সেই দুই সাংসদ কে বা তাঁরা পুরুষ না মহিলা—সে বিষয়ে তিনি কিছু খোলসা করতে চাননি।
কাকলি ঘোষ দস্তিদার বলেন, “যে দলের টিকিটে আমরা জিতেছিলাম, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এত অনৈতিক কাজকর্ম সামনে আসছে যে অনেকেই ক্ষুব্ধ হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আরও দুজন সাংসদ যে আমাদের টাচে আছেন, এটা খাঁটি সত্য।”
উল্লেখ্য, লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদের মধ্যে ইতোমধ্যেই ২০ জন বিদ্রোহী হয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। ফলে মমতার বিশ্বস্ত শিবিরে হাতে গোনা মাত্র ৮ জন সাংসদ অবশিষ্ট ছিলেন। সেখান থেকেও যদি আরও ২ জন সরে যান, তবে তা ঘাসফুল শিবিরের জন্য এক বিরাট বড় ধাক্কা হতে চলেছে।
এদিকে, আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনসিপিআই-তে যোগ দেওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ওই দুই জল্পনায় থাকা সাংসদ এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়েও কাকলি কোনো মন্তব্য করেননি।
তবে কাকলি ঘোষ দস্তিদার এই যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনলেও, এনসিপিআই-এর অন্য এক জ্যেষ্ঠ নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভিন্ন সুর গেয়েছেন। তাঁর দাবি, এই বিষয়ে তাঁর সঙ্গে নতুন করে কেউ কোনো যোগাযোগ করেনি।