জঙ্গি নিশানায় প্রতিমন্ত্রী উমেশ রাই! নবান্নে বৈঠকের পরেই বাড়ল নিরাপত্তা

জঙ্গি নিশানায় প্রতিমন্ত্রী উমেশ রাই! নবান্নে বৈঠকের পরেই বাড়ল নিরাপত্তা

কলকাতা: রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের নিরাপত্তা জোরদার করা হলো। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে তাঁর নিরাপত্তা নিয়ে আলোচনার পরই ডিজি (সিকিউরিটি)-কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ঘটনাসূত্রে জানা গেছে, কিছুদিন আগেই একটি হুমকি ফোন পেয়ে পুলিশের দ্বারস্থ হন প্রতিমন্ত্রী। অভিযোগ, ‘পাকিস্তানি এজেন্সির’ নাম করে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। এরপর বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে এক যুবক গ্রেফতার হওয়ার পর মন্ত্রীর ঘনিষ্ঠদের অনুমান, ওই ব্যক্তিই হয়তো ফোনে হুমকি দিয়েছিল।

এসটিএফ (STF) সূত্রে জানা গেছে, ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর প্রতিমন্ত্রীকে টার্গেট করার বিষয়টি স্পষ্ট হয়। নবান্নের নির্দেশ পেয়েই হাওড়া পুলিশ কমিশনারেট মন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। উমেশ রাইয়ের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি তাঁর চলাচলের জন্য পুলিশ এসকর্টের ব্যবস্থাও করা হয়েছে।

তদন্তকারীরা জানান, মাস দুয়েক আগে হাওড়ার গোলাঘাট এলাকায় হামিম মণ্ডলের সঙ্গে দেখা করেছিল আদিত্য সিং নামে এক ব্যক্তি। পুলিশের সন্দেহ, আদিত্যকেই দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী সংক্রান্ত তথ্য সংগ্রহের। এসটিএফ-এর দাবি, প্রতিমন্ত্রীর স্করপিও গাড়ি, বাড়ি এবং তাঁর ছেলের শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি আদিত্যই ‘শেহজাদ ভাট্টি গ্যাং’-এর কাছে পাঠিয়েছিল। বর্তমানে হামিম, আদিত্য, আবিদ ও রানা—সহ একাধিক ব্যক্তির পারস্পরিক যোগাযোগ এবং গোপন বার্তালাপ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত এড়াতে তারা ‘Session’ নামক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত বলে জানা গেছে।

অন্যদিকে, নিরাপত্তা বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, “আমি সবসময় বাইকে করে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতাম। এখন নিরাপত্তা কঠোর হওয়ায় সেই সাধারণ জনসংযোগ কীভাবে বজায় রাখব, সেটাই ভাবছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *