“কর্মীদের বেতন বন্ধ, অচল দল!” তৃণমূলের আর্জির পাল্টা সুপ্রিম কোর্টে কড়া অবস্থান কেন্দ্রের

নয়াদিল্লি: ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। দলের কর্মী ও দৈনন্দিন খরচ চালানো নিয়ে তীব্র সংকট তৈরি হয়েছে—এমন দাবি তুলে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে রাজ্যের শাসক দল। তবে তৃণমূলের এই দাবিকে এককথায় নস্যাৎ করে পাল্টা কড়া যুক্তি খাড়া করেছে কেন্দ্র।
আদালতে উভয় পক্ষের সওয়াল
বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে মামলাটির শুনানি চলাকালীন তৃণমূলের আইনজীবীরা জানান, অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে দলের ২১৫ জন কর্মীর বেতন সম্পূর্ণ আটকে রয়েছে। এমনকি দলের দৈনন্দিন দাপ্তরিক খরচ চালানোও আসাম্ভব হয়ে পড়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এই আর্জির তীব্র বিরোধিতা করে আদালতে স্পষ্ট জানায়, তৃণমূলের এই আর্থিক সংকটের দাবি সম্পূর্ণ অসত্য ও অতিরঞ্জিত। দলের ফান্ডে বা তাদের হাতে এখনও পর্যাপ্ত অর্থ রয়েছে।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ও রাজনৈতিক প্রতিক্রিয়া
দুই পক্ষের বক্তব্য শোনার পর, বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ নির্দেশ দেয় যে—দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য কলকাতা হাইকোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসকের মাধ্যমে কিছু টাকা দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখে মতামত জানাতে হবে।
এদিকে, তৃণমূলের এই কর্মী সংখ্যা ও আর্থিক সংকট সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ ছুরে দিয়েছেন বিরোধী নেতৃত্ব। আইনি ও রাজনৈতিক উভয় দিক থেকেই এখন এই মামলার পরবর্তী পদক্ষেপের দিকে চোখ রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।