FD-তে বড় বদল! ১ অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম, গ্রাহকদের কী লাভ?

ফিক্সড ডিপোজিট বা এফডি (FD)-তে টাকা রাখার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আগামী ১ অক্টোবর থেকে দেশজুড়ে চালু হতে যাচ্ছে এফডি সংক্রান্ত নতুন নির্দেশিকা। আপনি যদি ব্যাঙ্কে মেয়াদি আমানত বা এফডি করার কথা ভেবে থাকেন, তবে আরবিআই-এর এই নতুন নিয়মগুলো আপনার আগে থেকেই জেনে রাখা প্রয়োজন।
নতুন নিয়মে কী কী বদল আসছে?
- একই ব্যাঙ্কের সব শাখায় মিলবে সমান সুদ:নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও ব্যক্তি একই দিনে, সমপরিমাণ টাকা এবং নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ব্যাঙ্কের যে কোনও শাখায় এফডি করেন, তবে সুদের হার সব শাখাতেই একদম এক হবে। আগে একই ব্যাঙ্কের শাখাভেদে সুদের যে সামান্য হেরফের দেখা যেত, ১ অক্টোবরের পর তা আর থাকবে না।
- ওয়েবসাইটে আগেভাগেই জানাতে হবে সুদের হার:এখন থেকে সমস্ত ব্যাঙ্ককে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এফডি-র সুদের হার স্পষ্ট করে আগে থেকেই প্রকাশ করতে হবে। যে হার ওয়েবসাইটে থাকবে, গ্রাহকরা ঠিক সেই হারেই সুদ পাবেন। বাল্ক ডিপোজিট বা বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে প্রতিদিন সকাল ১০টার মধ্যে আপডেট করা সুদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
- বাল্ক ডিপোজিটে কিছুটা ছাড়:বড় অঙ্কের আমানত বা ‘বাল্ক ডিপোজিট’-এর সুদের হার নির্ধারণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে। লিক্যুইডিটি কভারেজ রেশিও (LCR)-এর নিয়ম মেনে ব্যাঙ্কগুলি এই ধরনের আমানতে সুদের হারের বিন্যাস ঠিক করতে পারবে।
সুদের হার কি কমবে না বাড়বে?
আরবিআই স্পষ্ট করে জানিয়েছে যে, এই নতুন নিয়মের কারণে এফডি-র মূল সুদের হার বাড়ানো বা কমানো হচ্ছে না। সুদের হার আগের মতোই বাজার পরিস্থিতি ও ব্যাঙ্কের অভ্যন্তরীণ নীতি অনুযায়ী নির্ধারিত হবে। নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো এফডি সংক্রান্ত নিয়মে স্বচ্ছতা আনা এবং সমস্ত গ্রাহকের জন্য সমান সুবিধা নিশ্চিত করা।
কোন কোন ব্যাঙ্কে নিয়ম প্রযোজ্য?
দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRB), লোকাল এরিয়া ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
গ্রাহকদের জন্য পরামর্শ:
বিশেষজ্ঞদের মতে, আগামী ১ অক্টোবরের পর এফডি করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নেবেন। সেখানে প্রকাশিত সুদের হার দেখেই সবচেয়ে সুবিধাজনক ব্যাঙ্কে টাকা জমা রাখার সিদ্ধান্ত নিন।