বিধানসভায় নজিরবিহীন ঘটনা! অসদাচরণের দায়ে সাসপেন্ড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়

রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথম এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল বিধানসভা সচিবালয়। বিধায়কদের সঙ্গে অসদাচরণ এবং বিধানসভার নিয়ম-রীতি লঙ্ঘনের অভিযোগে সাসপেন্ড করা হলো মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে। মঙ্গলবার সচিবালয়ের পক্ষ থেকে তাঁর স্থগিতাদেশের (সাসপেনশন) লিখিত নির্দেশ জারি করা হয়েছে।
বিধানসভা সূত্রে খবর, একাধিক বিধায়ক দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি দুর্ব্যবহারের অভিযোগ এনেছিলেন। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
এমনকি সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত একটি বিশেষ ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ শিবিরেও ওই মার্শাল দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদার আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও সচিবালয় সূত্রে জানা গেছে, এই বিতর্কিত আচরণের কারণে দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পরই তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য বিধানসভার ইতিহাসে কর্মরত অবস্থায় কোনো মার্শালের সাসপেন্ড হওয়ার ঘটনা এই প্রথম।