১৩৫ বছরের পুরনো আইন বাতিল! ব্যাঙ্কিং ও ডিজিটাল প্রমাণের নিয়মে যুগান্তকারী বদল আনছে কেন্দ্র
August 5, 20261:53 pm

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশের বিচার ও ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ধরনের আইনি সংস্কার করতে চলেছে কেন্দ্র। গত ৩ আগস্ট লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেছেন ‘ব্যাঙ্কার্স বুক এভিডেন্স বিল, ২০২৬’। এই নতুন বিলটি কার্যকর হলে বাতিল হয়ে যাবে ১৮৯১ সালের ঔপনিবেশিক আমলের ১৩৫ বছরের পুরনো আইন।
বিলের মূল পরিবর্তন ও সুবিধা:
- ডিজিটাল প্রমাণের আইনি মান্যতা: নতুন এই বিলে ব্যাঙ্কের যেকোনো ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডকে আদালতে আইনি প্রমাণ হিসেবে ব্যবহারের পথ সুগম করা হয়েছে। তবে ডেটার নির্ভুলতা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য কিছু নির্দিষ্ট আইনি শর্ত মেনে চলতে হবে।
- ব্যাঙ্ক কর্মীদের জন্য বিশেষ ছাড়: যদি ব্যাঙ্ক কোনো মামলায় সরাসরি যুক্ত না থাকে, তবে ব্যাঙ্ক অফিসার বা কর্মীদের নথি পেশ বা সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে সশরীরে হাজির হতে বাধ্য করা যাবে না। কেবল আদালতের বিশেষ নির্দেশ থাকলেই তাঁরা উপস্থিত হবেন।
- অন্যান্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকরণ: বিলটি সাধারণ ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক, মানি অর্ডার অফিস এবং কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।