রিপোর্টিংয়ে ছাড়, ক্লিপে বার: সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা
আদালতের শুনানি বা বিচারপ্রক্রিয়ার বিবরণ দিয়ে সংবাদ পরিবেশন করায় সংবাদমাধ্যমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই—বুধবার এক নির্দেশনায় বিষয়টি পুনরায় স্পষ্ট করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে অনুমতি ছাড়া আদালতের ভেতরের কোনো অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ সমাজমাধ্যম বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার বা শেয়ার করা যাবে না।
পূর্বের নির্দেশের বিভ্রান্তি দূর করে শীর্ষ আদালত জানায়, স্বীকৃত সংবাদমাধ্যমগুলো সাধারণ মানুষের অবগতির জন্য আগের মতোই নিয়ম মেনে রায় ও ঘটনাবলী প্রকাশ করতে পারবে। কিন্তু আদালত কক্ষের লাইভ রেকর্ডিং বা অডিয়ো-ভিডিয়ো ফুটেজ ব্যবহার বা তা থেকে বাণিজ্যিক সুবিধা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের ফুটেজ ব্যবহারের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল বা সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
পাশাপাশি, লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের এই অপব্যবহার রুখতে কেন্দ্রকে একটি নির্দিষ্ট নীতি বা রূপরেখা তৈরি করতে বলেছে আদালত। এছাড়া নিয়ম মেনে লাইভ স্ট্রিমিং হচ্ছে কি না, তা নিয়ে দেশের সমস্ত হাইকোর্টকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর।