জঙ্গি হামলার ছায়া অমরনাথ যাত্রায়! থমকে গেল পুণ্যার্থীদের পথচলা

জঙ্গি হামলার ছায়া অমরনাথ যাত্রায়! থমকে গেল পুণ্যার্থীদের পথচলা

জঙ্গি হামলার আশঙ্কা ও নিরাপত্তা উদ্বেগের কারণে আচমকাই স্থগিত করে দেওয়া হলো চলতি বছরের অমরনাথ যাত্রা। বুধবার (৫ আগস্ট) সকালে জম্মুর গুরুত্বপূর্ণ ভগবতীনগর বেস ক্যাম্প থেকে নতুন করে কোনো পুণ্যার্থীর দলকে পহেলগাম ও বালতালের দিকে এগোনের অনুমতি দেওয়া হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সাথে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে পুরো জম্মু-কাশ্মীর উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।

নিরাপত্তার কৌশলগত দিক বিবেচনা করে দেশের সাথে উপত্যকাকে সংযোগকারী মূল ধমনী—জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সেনাবাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের গাড়ি চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গোটা মহাসড়ক জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করে নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে শুরু হওয়া এবারের অমরনাথ যাত্রা আগামী ২৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই ৪ লাখ ৬০ হাজারের বেশি পুণ্যার্থী পবিত্র অমরনাথ গুহা দর্শন করে ফেলেছেন। তবে হঠাৎ করে যাত্রা স্থগিত হয়ে যাওয়ায় বেস ক্যাম্পে আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি বিবৃতি জারি করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *