রাম-রাজ্যে অখিলেশের মাস্টারস্ট্রোক! অযোধ্যায় ব্রাহ্মণ-দলিত সমীকরণে পদ্ম শিবিরে বড় ধসের ইঙ্গিত

রাম-রাজ্যে অখিলেশের মাস্টারস্ট্রোক! অযোধ্যায় ব্রাহ্মণ-দলিত সমীকরণে পদ্ম শিবিরে বড় ধসের ইঙ্গিত

২০২৪-এর লোকসভা নির্বাচনে রাম-ভূমি অযোধ্যা আসন হাতছাড়া হওয়াটা শাসকদল বিজেপির জন্য ছিল এক চরম ধাক্কা। এবার সেই জয়কে মূল হাতিয়ার করে আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অযোধ্যা কেন্দ্রটি সরাসরি দখল করতে ‘মিশন অযোধ্যা’ শুরু করলেন সমাজবাদী পার্টি (SP) সুপ্রিমো অখিলেশ যাদব।

লখনউয়ের সম্মেলন ও পবন পান্ডের নাম ঘোষণা

সম্প্রতি লখনউয়ে আয়োজিত এক ব্রাহ্মণ সম্মেলনে বক্তব্য রাখার সময় অখিলেশ যাদব স্পষ্ট ইঙ্গিত দেন অযোধ্যার ভবিষ্যৎ প্রার্থী নিয়ে। অযোধ্যার প্রাক্তন বিধায়ক তেজ নারায়ণ ওরফে পবন পান্ডেকে পাশে বসিয়ে অখিলেশ ঘোষণা করেন, “পবন পান্ডেজি, এবার অযোধ্যা থেকে আপনার জয় নিশ্চিত।” ২০১২ সালে এই কেন্দ্র থেকে জয়ী পবন পান্ডেকে আবারও ময়দানে নামিয়ে কৌশলগতভাবে এগিয়ে গেল সপা।

রাম মন্দির ও অনুদান চুরির ইস্যুকে অস্ত্র

যে অযোধ্যা ও রাম মন্দির ইস্যু নিয়ে সপা এতদিন কিছুটা সতর্ক দূরত্ব বজায় রাখত, এবার সেটাকেই বিজেপির বিরুদ্ধে প্রধান রাজনৈতিক অস্ত্র করেছে তারা। সম্প্রতি রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ প্রকাশ্যে আসতেই সমাজবাদী পার্টি রাজ্যজুড়ে সরব হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংসদ ও রাজ্য বিধানসভা—সব জায়গাতেই ‘অনুদান চোরেরা, সিংহাসন ছাড়ো’ স্লোগান তুলে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সপা।

বঞ্চনার ক্ষোভ ও নতুন জাতিগত সমীকরণ

লোকসভা নির্বাচনে সপার অবধেশ প্রসাদের কাছে বিজেপির ৫৪ হাজারেরও বেশি ভোটে হার ইতোমধ্যেই গেরুয়া শিবিরের কপালে ভাঁজ ফেলেছে। সপা নেতৃত্বের দাবি, অযোধ্যার উন্নয়ন ও রাম মন্দির নির্মাণের নামে স্থানীয় বহু বাসিন্দাকে উচ্ছেদ করা হয়েছে এবং যোগ্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ফলে বিজেপির সনাতনী ও ঐতিহ্যবাহী ভোটারদের একাংশ আজ চরম ক্ষুব্ধ।

অযোধ্যার ভোটার সমীকরণে রয়েছে প্রায় ৭০ হাজার ব্রাহ্মণ, ৫০ হাজার দলিত এবং ৪০ হাজার যাদব ভোটার। অতীতে এই ব্রাহ্মণ অধ্যুষিত আসনে একমাত্র অ-বিজেপি প্রার্থী হিসেবে পবন পান্ডেই জয় পেয়েছিলেন। অনুদান চুরির বিতর্ক এবং স্থানীয়দের বঞ্চনার ক্ষোভকে কাজে লাগিয়ে এই বিপুল ভোটাঙ্ক নিজের দিকে টেনে অখিলেশ যাদব ২০২৭-এ পদ্ম-দুর্গ ভাঙতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *