‘জনগণের সম্পদ ফিরুক জনগণের কাছেই’, এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে মমতাকে তোপ শুভেন্দুর

কলকাতা: অবশেষে কাটল দীর্ঘদিনের আড়াল, ফের নিজের পুরনো প্রাকৃতিক রূপ ফিরে পেল ময়দানের ঐতিহাসিক এলিয়ট পার্ক। দীর্ঘদিন ধরে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে রাখার ফলে বাইরের সাধারণ মানুষ পার্কের ভেতরের সবুজ মনোরম দৃশ্য উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সক্রিয় উদ্যোগে এবার সেই সমস্ত টিনের বেড়া তুলে নেওয়ার ব্যবস্থা করল কলকাতা পুরসভা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এলিয়ট পার্কের ‘আগে ও পরে’র ছবি শেয়ার করে কলকাতা পুরসভাকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় ‘খোঁচা’ দেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “প্রাক্তন সরকারের ‘মাননীয়া’ যখন হাঁটার জন্য পার্কে আসতেন, তখন যাতে সাধারণ মানুষের নজর তাঁর ওপর না পড়ে—সেই কারণেই এই বিশাল টিনের বেড়া তুলে পার্কটিকে আড়াল করে রাখা হয়েছিল।”