পুজোর আগেই সুখবর! বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, চালু হচ্ছে ‘যুবশক্তি ভরসা’ পোর্টাল

বিধানসভা নির্বাচনের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে রাজ্য বাজেটে আনুষ্ঠানিকভাবে ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Banglar Yuva Shakti) প্রকল্পের ঘোষণা করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। রাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সরকারের এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে—কবে থেকে মিলবে এই টাকা এবং কীভাবে করা যাবে আবেদন?
কে কত টাকা ভাতা পাবেন?
বাজেট প্রস্তাব অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে:
- স্নাতক (Graduate) বেকাররা: প্রতি মাসে ৩,০০০ টাকা।
- মাধ্যমিক পাশ (কিন্তু স্নাতক নন): প্রতি মাসে ২,০০০ টাকা।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরকার তাঁদের পাশে থাকবে।
কবে থেকে আবেদন শুরু?
সূত্র মারফৎ জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজার আগেই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর জন্য অনলাইন পোর্টাল চালু হয়ে যেতে পারে। এর পাশাপাশি, যোগ্য সুবিধাভোগী বাছাই করতে যুবকল্যাণ দপ্তর বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাতে পারে বলেও জানা যাচ্ছে।
আবেদনের জন্য কী কী নথি লাগতে পারে?
যদিও সরকার এখনো চূড়ান্ত নির্দেশিকা জারি করেনি, তবে বিশেষজ্ঞরা আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র তৈরি রাখার পরামর্শ দিচ্ছেন:
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
- ভোটার কার্ড ও আধার কার্ড
- জন্ম শংসাপত্র (Birth Certificate) বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (Passbook/Cancelled Cheque)
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত শংসাপত্র (Degree/Provisional Certificate)
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে কিছুটা সময় লাগবে। তবে পুজোর আগেই পোর্টাল চালুর এই খবরে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে।