বন্ধ হচ্ছে না খুদেদের কল্পলোক! রাজ্য সরকারের বারতায় স্বস্তিতে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম

বন্ধ হচ্ছে না খুদেদের কল্পলোক! রাজ্য সরকারের বারতায় স্বস্তিতে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম

কলকাতা: আর্থিক সঙ্কট এবং সংস্কারের অভাবে বন্ধ হতে বসেছিল কলকাতার ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। তবে পশ্চিমবঙ্গ সরকারের সময়োপযোগী হস্তক্ষেপে আপাতত কেটে গেল সেই অনিশ্চয়তার মেঘ। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের এই প্রিয় প্রতিষ্ঠানটি আগের মতোই খোলা থাকবে।

সম্প্রতি এক সমীক্ষায় দেখা যায়, মিউজিয়ামের অগ্নিনির্বাপণ ও অগ্নিসুরক্ষা ব্যবস্থা উন্নত করতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। এত বিপুল অর্থ বহন করা পরিচালনা পর্ষদের পক্ষে আসাম্ভব হয়ে পড়েছিল। অন্যদিকে, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে আগামী ১৬ আগস্ট থেকে সাময়িকভাবে মিউজিয়াম বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই তৎপর হয় রাজ্য সরকার। মিউজিয়াম চালনা ও সুরক্ষাজনিত সংস্কারের জন্য যাবতীয় প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সরকারি এই আশ্বাসের পর সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত বাতিল করে কর্তৃপক্ষ। এই বিশেষ উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী, সরকারের মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অতিরিক্ত সচিব শান্তনু বসুকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালনা পর্ষদ (ন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন)।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৪ নভেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় এই মিউজিয়ামটির উদ্বোধন করেন। বর্তমানে ৯৬টি দেশের ১,১০০-রও বেশি পুতুল এবং ৩০০টি মূর্তি সংবলিত ‘গণেশ গ্যালারি’ এই সংগ্রহশালার মূল আকর্ষণ, যা বছরের পর বছর ধরে শিশুদের রামায়ণ-মহাভারত ও বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে আসছে। সরকারি হস্তক্ষেপে খুদেদের এই স্বপ্নের পৃথিবী বন্ধ হওয়া থেকে রক্ষা পাওয়ায় স্বস্তিতে শহরের মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *