ভবানীপুর থেকে ‘তেরঙ্গা যাত্রা’র মেগা সূচনা, গুরুদ্বারে সেবারাজে দিনভর ব্যস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু

পরিবর্তন পরবর্তী বাংলায় এই প্রথমবার বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। শুক্রবার বিকেলে নিজের কেন্দ্র ভবানীপুর থেকে এই ঐতিহাসিক কর্মসূচির সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত আয়োজিত এই বিশালাকার মিছিলে যেন ত্রিবর্ণ পতাকার সমুদ্র নেমে এসেছিল। অগণিত মানুষের সঙ্গে এই মিছিলে পা মেলান রাজ্যের শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনসহ শীর্ষ ব্যক্তিত্বরা।
হাজরা মোড়ে মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন:
“আজকের এই অভূতপূর্ব সাড়ায় আমি আপ্লুত। আগামী ১০ আগস্ট নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত ৫০ হাজার মানুষকে নিয়ে এক ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, দেশে জাতীয়তাবাদী ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতেই প্রধানমন্ত্রীর এই আহ্বান এবং বাংলায় এখন একটি রাষ্ট্রবাদী সরকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
মিছিলের পাশাপাশি শুক্রবার দিনভর নিজের কেন্দ্র ভবানীপুরেই নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। দুপুরে গেরুয়া পাগড়ি ও সাদা পোশাক পরিহিত শুভেন্দু অধিকারী উপস্থিত হন ভবানীপুরের গুরুদ্বারে। সেখানে তিনি সাধারণ ভক্তদের সঙ্গে মেঝেতে বসে ‘লঙ্গর’ গ্রহণ করেন এবং নিজ হাতে লঙ্গরে খাবার পরিবেশন থেকে শুরু করে বাসন ধোয়ার কাজেও অংশ নেন। মুখ্যমন্ত্রী জানান, এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণের সেবা করাই তাঁর মূল ব্রত।