‘নর্দমার প্রজন্ম’ থেকে সোজা ‘দেশের সম্পদ’, জেন জি নিয়ে হঠাৎ ভোলবদল কঙ্গনার!

যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের একসময় ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তবে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের পরই সুর বদলালেন তিনি। শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে যুব-বন্দনা শোনা গেল তাঁর গলায়। কঙ্গনা জানান, জেন জি বা বর্তমান যুবসমাজ দেশের প্রকৃত শক্তি এবং অন্যতম সম্পদ। এরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। দেশের যুবসমাজ দ্রুত আমাদের পরিচয়ের দূত হিসেবে আবির্ভূত হচ্ছে বলে তিনি অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে মোহন ভাগবত জেন জি-র প্রশংসা করে জানিয়েছিলেন, তাদের ক্ষোভ যুক্তিসঙ্গত এবং তাদের আন্দোলন কোনওভাবেই দেশবিরোধী নয়। তাঁর এই বার্তার পরই কঙ্গনার আকস্মিক ভোলবদল নজর কেড়েছে। কিছুদিন আগেই এই প্রজন্মকে চরম অপমান করেছিলেন তিনি, যার জেরে বিরোধী শিবির থেকে তীব্র সমালোচনা ধেয়ে এসেছিল। তবে অতীতের সেই বিতর্ককে পিছনে ফেলে বর্তমানে যুবসমাজের প্রশংসায় পঞ্চমুখ এই তারকা সাংসদ।