‘আজাদি স্লোগান চলবে না’! রাঁচিতে ছাত্র আন্দোলনের মঞ্চে আইসা নেত্রী নেহার মুখে কালি

নিয়োগে স্বচ্ছতার দাবিতে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে হেনস্থার শিকার হলেন আইসা-র সর্বভারতীয় নেত্রী নেহা বোরা। শুক্রবার আন্দোলনের মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে কালি ছোড়া হয়। মুখ ও পোশাকে কালি লাগলেও এই অপ্রীতিকর ঘটনার মাঝেই তিনি নিজের বক্তব্য শেষ করেন। পুলিশ দ্রুত হামলাকারীকে আটক করে এবং নেহাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। এই হামলার পিছনে আরএসএস মদতপুষ্ট গুন্ডাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আইসা নেত্রী।
দিল্লির ‘ককরোচ’ বিক্ষোভের ধাঁচে রাঁচিতে এই আন্দোলন হলেও, আদর্শগত কিছু ভিন্নতা রয়েছে। রাঁচির পড়ুয়ারা আগেই স্পষ্ট করেছিলেন যে, সেখানে ‘আজাদি’ বা দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। একাংশের মতে, দিল্লির বিক্ষোভে নেহাদের উপস্থিতিতে বিতর্কিত স্লোগান ওঠায় রাঁচির পড়ুয়ারা তাঁকে মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ থেকেই এই কালি-হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আগামী মঙ্গলবার কলকাতায় আইসার একটি বড় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে নেহা বোরার। তবে রাঁচির ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।