E20 পেট্রলে কি সত্যিই নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন! লোকসভায় বিস্ফোরক তথ্য দিয়ে বড় দাবি কেন্দ্রের

E20 পেট্রলে কি সত্যিই নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন! লোকসভায় বিস্ফোরক তথ্য দিয়ে বড় দাবি কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল বা E20 মিশ্রণের জেরে গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়া এবং মাইলেজ হ্রাসের মতো জল্পনা নিয়ে সংসদে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। লোকসভায় ডায়মন্ড হারবারের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লিখিত প্রশ্নের জবাবে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের অভিযোগের কোনো প্রমাণ বা পরিসংখ্যান কোথাও জমা পড়েনি। সরকার স্পষ্ট করেছে যে নীতি আয়োগ, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ পেট্রলিয়াম এবং অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মতো শীর্ষ প্রতিষ্ঠানের দীর্ঘ বৈজ্ঞানিক গবেষণা ও ল্যাবরেটরি পরীক্ষার পরই এই জ্বালানি প্রকল্প চালু করা হয়েছে।

বর্তমানে দেশের ২০ কোটিরও বেশি দু-চাকার গাড়ি এবং ৩ কোটির বেশি চার চাকার গাড়ি এই ইথানল মিশ্রিত জ্বালানিতে নির্বিঘ্নে চলাচল করছে। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে প্রায় ১.৯৭ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ৯৫২ লক্ষ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ করা সম্ভব হয়েছে। পাশাপাশি কৃষকদের হাতেও অতিরিক্ত ১.৬৬ লক্ষ কোটি টাকার বেশি আয় পৌঁছেছে। জ্বালানির মান নিয়ন্ত্রণে পাম্পগুলিতে অটোমেটেড ট্যাঙ্ক গেজিংয়ের মতো আধুনিক ব্যবস্থা রয়েছে এবং গ্রাহকদের যেকোনো অভিযোগের সমাধানে নির্দিষ্ট নির্দেশিকা মেনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *