শেষরক্ষা কি হবে! সিআইডি তলবে মিনিট ছয়েক আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের পিএ সুমিত রায়!

শালবনিতে জমি দুর্নীতি মামলার তদন্তে সিআইডির পাঠানো নোটিস মেনে অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। নির্ধারিত ১০টার নির্দেশ থাকলেও এদিন সকাল ৯টা ৫৪ মিনিটেই কালো গাড়িতে চড়ে সিআইডি সদর দফতরে পৌঁছন তিনি। সংবাদমাধ্যমের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য না করে ভেতরে প্রবেশ করেন সুমিত। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে সাময়িক গ্রেফতারি থেকে সুরক্ষা পাওয়ার পরেই তাঁর এই হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, শালবনিতে জমি সংক্রান্ত একটি বহুল চর্চিত মামলায় নাম জড়ানোর পর থেকেই নিখোঁজ ছিলেন সুমিত রায়। তাঁর খোঁজে এমনকি মাঝরাতে বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। নিম্ন ও উচ্চ আদালতে আগাম জামিনের আর্জি খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার বা কঠোর পদক্ষেপের বিরুদ্ধে সুরক্ষা দিলেও তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। সেই আইনি স্বস্তি পাওয়ার পরেই সিআইডির নোটিসে সাড়া দিয়ে হাজিরা দিলেন তিনি, যদিও তাঁর বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য মামলাগুলির আইনি লড়াই এখনও অব্যাহত রয়েছে।