ডাক্তারি পাশ করলেই গ্রামে যাওয়া বাধ্যতামূলক! দেশজুড়ে বড় নিয়মের পথে সুপ্রিম কোর্ট

এমবিবিএস বা উচ্চতর মেডিক্যাল ডিগ্রি অর্জনের পর চিকিৎসকদের জন্য গ্রামাঞ্চলে বাধ্যতামূলক পরিষেবা দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যে ভিন্ন নিয়ম না রেখে গোটা দেশের জন্য একটি অভিন্ন নীতি তৈরির বিষয়ে কেন্দ্রকে গুরুত্ব দিয়ে ভাবার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়েছে, চিকিৎসা শিক্ষার সঙ্গে জড়িত ছাত্রছাত্রীদের দেশ গঠনের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে। কর্নাটকের একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ সামনে এসেছে, যেখানে বেসরকারি ও ডিমড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল পড়ুয়াদের বাধ্যতামূলক গ্রামীণ পরিষেবার শর্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল।
শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, প্রশিক্ষিত চিকিৎসকদের বৃহত্তর জনস্বার্থে কাজে লাগানো রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আদালত সরাসরি কোনো সর্বভারতীয় নির্দেশ জারি না করে এ বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে। সরকারের পক্ষ থেকে নির্দেশ নিয়ে জানানোর জন্য সময় চাওয়ায় আদালত আগামী তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। কেন্দ্র শেষ পর্যন্ত এই বিষয়ে কোনো সর্বভারতীয় অভিন্ন নীতি তৈরি করলে আগামী দিনে দেশের সমস্ত মেডিক্যাল পড়ুয়াদের গ্রামীণ পরিষেবার নিয়মে বড় পরিবর্তন আসতে পারে।