হিমাচলে প্রলয়ংকারী দুর্ঘটনা: ১০০ ফুট খাদে বাস, চালক-কন্ডাক্টরসহ মৃত অন্তত ১০
শনিবার সাতসকালে হিমাচল প্রদেশের চাম্বায় ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে একটি যাত্রিবাহী বেসরকারি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রার মাত্র তিন কিলোমিটারের মাথায়, দেবীকোঠির কাছে ‘চালুজ মোড়ে’ বাঁক নেওয়ার সময় আচমকা বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যে বাসটি ১৫০ ফুট গভীর খাদে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে তিসা সিভিল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
খাদে পড়ে যাওয়ার ফলে বাসটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। বাসের ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।