তোলাবাজির নতুন রূপ! গেরুয়া কুপন দিয়ে বাসস্ট্যান্ডে চলছে রমরমিয়ে টাকা আদায়

পূর্ব বর্ধমানের গুসকরা বাসস্ট্যান্ডে গেরুয়া রঙের কুপন ছাপিয়ে বাস মালিকদের কাছ থেকে বেআইনিভাবে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। বাস দাঁড়ালেই নির্দিষ্ট কুপনের বিনিময়ে নেওয়া হচ্ছিল চল্লিশ টাকা। অতীতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দখলে থাকা ওই বাসস্ট্যান্ডের ইউনিয়ন অফিসটি পালাবদলের পর গেরুয়া রঙে রাঙানো হয়। ভারতীয় মজদুর সংঘের সদস্যদের বিরুদ্ধে এই নিয়মবহির্ভূত কুপন কাটার অভিযোগ ওঠার পরেই এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।
বিতর্ক বাড়ার পর নড়েচড়ে বসেন স্থানীয় নেতৃত্ব ও প্রশাসন। পুলিশ এই কুপন মারফত অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করায় বর্তমানে চাঁদা সংগ্রহ বন্ধ রয়েছে এবং অভিযুক্ত ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটির সভাপতি মাধব দাস চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করলেও দাবি করেছেন যে, এর বিনিময়ে শ্রমিকদের বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছিল। তবে এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।