‘সেফ রোডস, সেফ বেঙ্গল’: পথ নিরাপত্তায় ট্রাফিক সচেতনতার নতুন জোয়ার শহরে

কলকাতা: ‘সেফ রোডস, সেফ ওয়েস্ট বেঙ্গল’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘রোড সেফটি উইক ২০২৬’-এর ষষ্ঠ দিনে এক বিশেষ উদ্যোগ নিল কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালবাজারের পাশাপাশি শহরের বিভিন্ন ট্রাফিক গার্ড নিজ নিজ এলাকায় একাধিক কর্মসূচি পালন করে। একই দিনে বিভিন্ন ট্রাফিক গার্ডে শুভ সূচনা হলো ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানেরও।
এদিন সচেতনতার বার্তা ছড়াতে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য সাইকেল মিছিলের। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় ঐতিহাসিক রেঞ্জার্স ক্লাবে। সাইকেল মিছিলে পা মেলান কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং ও সন্তোষ পাণ্ডে, ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সূর্য প্রতাপ যাদব এবং ডেপুটি কমিশনার সম্ভব জৈনসহ একাধিক শীর্ষ আধিকারিক।
এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল পথচারী, সাইকেল আরোহী এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য উৎসাহিত করা। রাস্তাঘাট নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা কমাতে শহরের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে কলকাতা পুলিশ।