‘কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া…’ পোলবার হোটেলে পুলিশের ঝটিকা অভিযান, হাতেনাতে ধরা পড়ল যুবক-যুবতী!

হুগলি: হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল অসামাজিক কাজকর্ম। গোপন সূত্রে খবর পেয়ে পোলবার এক হোটেলে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হুগলির পোলবা থানার সুগন্ধা এলাকায় দিল্লি রোডের ধারের একটি হোটেলে তল্লাশি চালিয়ে দুই যুবতী, দুই যুবক এবং হোটেলের ম্যানেজারসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
পোলবা থানার ওসি তন্ময় বাগের নেতৃত্বে এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া যুবক-যুবতীদের পরিচয় ও ঠিকানা যাচাই করে দেখার প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সুগন্ধার ওই তিনতলা হোটেলটি সম্প্রতি গড়ে উঠেছে। নিয়ম অনুযায়ী কেবল থাকার জন্য ঘর ভাড়া দেওয়ার কথা থাকলেও, বাস্তবে বহিরাগত অনেকেই এসে মাত্র কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া নিত। হোটেলের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, এই ধরনের কাজের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্থানীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
একই দিনে পোলবার আলিনগর ও রাজহাটের দুটি পানশালাতেও তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে বেআইনি কিছু না মেলায় কাউকে আটক করা হয়নি।
হোটেলটিতে কতদিন ধরে এই ধরণের কাজ চলছিল এবং এর পেছনে বড় কোনো চক্র জড়িত আছে কি না, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ।