কী রহস্য লুকিয়ে সেই রাতের অন্ধকারে! আরজি কর কাণ্ডে এবার ময়দানে নামছে স্বাস্থ্য দফতর

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নিজস্ব তদন্ত শুরু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই বিভাগীয় তদন্তের সম্পূর্ণ রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। ঘটনার দিন রাতে ও পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের তলব করা হবে। পাশাপাশি নির্যাতিতার শিক্ষক ও সংশ্লিষ্ট অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারী আধিকারিকেরা। তৎকালীন সময়ে হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রশাসনিক পরিকাঠামোয় থাকা ত্রুটিগুলিও এই তদন্তের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার ভার যায় সিবিআই-এর হাতে। তবে আদালতের তত্ত্বাবধানে চলা নতুন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। পরিবারের পক্ষ থেকেও তদন্তে গাফিলতির অভিযোগ তুলে তৎকালীন জরুরি বিভাগে উপস্থিত চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে স্বাস্থ্য দফতরের এই নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত শুরু করার সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।