রাজ্য সড়কে কি আর চলবে না টোটো? পরিবহণ দফতরের কড়া পদক্ষেপে বাড়ছে জল্পনা!

রাজ্য সড়কে কি আর চলবে না টোটো? পরিবহণ দফতরের কড়া পদক্ষেপে বাড়ছে জল্পনা!

হাইওয়ে ও প্রধান সড়কগুলোতে ই-রিকশা বা টোটো চলাচল নিয়ে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। এতদিন নির্দিষ্ট নিয়ম কাগজে-কলমে থাকলেও তা সঠিকভাবে কার্যকর হচ্ছিল না বলে বহু অভিযোগ জমা পড়েছিল। এই পরিস্থিতিতে যানজট এড়াতে এবং পথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পরিবহণ দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিংয়ের পাঠানো একটি চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, ই-রিকশা মূলত ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’ বা অভ্যন্তরীণ যোগাযোগের জন্য অনুমোদিত। বর্তমান নির্দেশিকা অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তায় ই-রিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

২০১৬ সালের ২৮ জুলাই জারি করা সরকারের মেমোরেন্ডাম অনুযায়ী, বিশেষ অনুমতি ছাড়া বড় রাস্তায় এই যানগুলি চলতে পারে না। তবে অভিযোগ উঠেছে, নিয়ম অমান্য করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টোটো চলাচলের ফলে আকছার যানজট তৈরি হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই প্রেক্ষাপটে সমস্ত অধস্তন আধিকারিকদের বিষয়টি জরুরি ভিত্তিতে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮ অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ করা হবে। যদিও রাজ্যে চলাচলকারী ই-রিকশার সঠিক কোনো পরিসংখ্যান দফতরের হাতে নেই, তবুও সংখ্যাটি যে কয়েক হাজার, তা এক প্রকার নিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *