জীবনের নতুন অধ্যায়ে পা রাখতেই জেন-জ়ি প্রজন্মকে কী এমন অমূল্য পাঠ দিলেন প্রধানমন্ত্রী!

দিল্লি আইআইটি-র ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন প্রজন্মকে জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট ভাষায় জানান, পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন না আসলেও বাস্তব জীবনে সবসময় ‘আউট অব সিলেবাস’ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই জীবনের প্রতি সবসময় কৌতুহল বজায় রাখতে হবে এবং নতুন কিছু শেখার আগ্রহ কখনো হারালে চলবে না। মেধাবী ছাত্রদের হাতে গোল্ড মেডেল তুলে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মেয়েদের অংশগ্রহণ আরও বাড়লে খুশি হতেন বলে মত প্রকাশ করেন। তিনি পড়ুয়াদের তাঁদের শিক্ষক, শিক্ষাকর্মী এবং বাবা-মায়ের অবদানের কথা স্মরণ করার পরামর্শ দেন।
পড়াশোনার পাঠ চুকিয়ে বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করতে চলা তরুণ প্রজন্মকে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত বদলে যাওয়া এই বিশ্বে প্রযুক্তি থেকে শুরু করে বৈশ্বিক শক্তির অঙ্ক প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আগামী দিনে কী পরিস্থিতি তৈরি হবে তা নিখুঁতভাবে বলা আসাম্ভব হলেও, ‘যে শিখবে, সেই জিতবে’ নীতিটি সবসময় অপরিবর্তিত থাকবে। দেশের স্টার্টআপ এবং সেমি-কন্ডাক্টর খাতের অগ্রগতির পেছনে যুব সমাজের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি জানান, চিপ থেকে শুরু করে জাহাজ—সবকিছুই দেশের তরুণদের হাত ধরেই তৈরি হবে। কোনো বড় সমস্যায় ভয় না পেয়ে তা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।