নিম্নচাপের জেরে কি ভাসবে কলকাতা! কবে কাটবে দুর্যোগের কালো মেঘ?
দক্ষিণবঙ্গজুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং কাঁথির ওপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকালে কলকাতার আকাশ আংশিক পরিষ্কার থাকলেও বেলা গড়ালে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সামগ্রিক এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে পুরোপুরি কাটবে, সেদিকেই এখন নজর সকলের।