আরজি করের দুই বছর পার! সরকারি উদ্যোগে নীরবতা পালন আর কতদূর এগোবে ন্যায়বিচারের লড়াই?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আজ দুই বছর পূর্ণ হলো। এই উপলক্ষ্যে রবিবার সকালে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রতিষ্ঠানে দু’মিনিটের নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে নির্যাতিতাকে শ্রদ্ধা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বিগত ২০২৪ সালের ৯ অগস্ট ভোরে ঘটা ওই মর্মান্তিক ঘটনা সারা দেশে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছিল। ক্ষমতার পালাবদলের পর বর্তমান সরকারের উদ্যোগে এই প্রথম রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে এই স্মরণসভার আয়োজন করা হলো। জলহাটিতে নির্যাতিতার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
এদিকে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে জনমনে অসন্তোষ এখনও কাটেনি। আদালতের রায়ে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে সাধারণ মানুষ ও চিকিৎসক মহল দ্রুত নতুন তদন্তের নিষ্পত্তি দাবি করেছেন। একই সঙ্গে প্রমাণ লোপাটের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিও জোরালো হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে হাসপাতালগুলোর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার দাবি তুলেছে সচেতন মহল। জলহাটির লোকসংস্কৃতি ভবনে আয়োজিত ট্রাস্টের কর্মসূচি থেকে এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছে।