আসামের বন্যায় নিঃস্বদের রক্ষাকর্তা সালমান খান, দিলেন বড় প্রতিশ্রুতি!

আসামের ভয়াবহ বন্যায় বাস্তুহারা মানুষের পুনর্বাসনে বড় পদক্ষেপ নিলেন বলিউড সুপারস্টার সালমান খান। রাজ্যের বন্যা কবলিত অসহায় পরিবারগুলির জন্য ৫০০টি আধা-স্থায়ী বা সেমি-পার্মানেন্ট বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেতা। এই মহৎ উদ্দেশ্যে তিনি হাত মিলিয়েছেন ‘গ্লোবাল শিখস’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। মূলত ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিতেই এই দীর্ঘমেয়াদী পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগেও সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান আসামের দুর্যোগপীড়িতদের খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করে পাশে দাঁড়িয়েছিল।
বর্তমানে আসামের শিবসাগর জেলার নেপালি খুটি এলাকায় জোরকদমে চলছে এই নির্মাণকাজ। এই প্রকল্পের প্রথম ধাপে ইতিমধ্যেই প্রায় ২২০টি বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে এবং তা দুর্গত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে। জানা গেছে, বাঁশ ও টিনের চালা দিয়ে তৈরি এই বন্যা-প্রতিরোধী প্রতিটি আধা-স্থায়ী বাড়ি বানাতে খরচ পড়ছে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। স্বেচ্ছাসেবী সংস্থাটির প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং জানিয়েছেন, প্রতিদিন তাদের একটি দল অন্তত আট থেকে দশটি বাড়ি তৈরি করছে। বলিউড সুপারস্টারের এই আকস্মিক ও বড় অংকের সহযোগিতায় দুর্গত মানুষের মুখে আশার আলো ফুটে উঠেছে।