বিক্ষোভকারীরা জঙ্গি নয়! পাক অধিকৃত কাশ্মীরের উত্তাল পরিস্থিতিতে সুর নরম করল শাহবাজের দল?

এক বছরেরও বেশি সময় ধরে তীব্র অর্থনৈতিক সঙ্কট, বঞ্চনা এবং নানা বিধিনিষেধের জেরে উত্তপ্ত পাক-অধিকৃত কাশ্মীর। নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া নাগরিক সমাজের ওপর সাম্প্রতিক দমনপীড়ন ও নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। নিরাপত্তাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে তীব্র অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পিওকে নিয়ে অবস্থান বদল করে নজিরবিহীনভাবে বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে উল্লেখ করল শাহবাজ শরিফের দল।
শনিবার পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লা সাফ জানিয়েছেন, বিক্ষোভে অংশগ্রহণকারীরা কোনোভাবেই জঙ্গি নন, বরং তাদের বড় অংশই দেশপ্রেমিক। ক্ষোভ প্রশমিত করতে স্থানীয় নাগরিক সমাজের জোট ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’-র সঙ্গে শীঘ্রই বৈঠকে বসার এবং সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সরকার। উল্লেখ্য, সংরক্ষিত ১২টি আসন বাতিলের দাবি এবং স্থানীয়দের ওপর লাগাতার দমনপীড়নের জেরে ফুঁসছে উপত্যকা। অনেকেই দাবি না মানলে ভারতের সাহায্য চাওয়ার হুঁশিয়ারি দেওয়ায় চরম চাপে রয়েছে ইসলামাবাদ।