রোনাল্ডোর বিয়ে ভেবে হুড়মুড় করে চার্চে হাজির হাজার ভক্ত! ভাইরাল সেই কাণ্ডে কী বললেন সিআর৭?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে বিয়ে করার জল্পনা ছড়িয়ে পড়ায় পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালের সামনে প্রায় দুই হাজার ভক্ত ও সাংবাদিক জড়ো হন। ১ আগস্ট তাঁদের বিয়ের তারিখ এবং একটি ভুয়া আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই এই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ভক্তরা বুঝতে পারেন, চার্চে যাঁদের বিয়ে হচ্ছে তাঁরা রোনাল্ডো ও জর্জিনা নন, বরং ফ্রান্সে বসবাসকারী স্থানীয় এক দম্পতি—ফাবিও রামোস ও ফাতিমা নিকোল।
যদিও পরে ভুল ভাঙে, তবুও বিয়ের পোশাকে ক্যাথেড্রালে প্রবেশের সময় নববধূ ফাতিমাকে ঘিরে প্রবল ভিড় জমে যায় এবং ভিড় ঠেলে তাঁকে ভেতরে প্রবেশ করতে হয়। উপস্থিত জনতার একাংশ ‘এটি জর্জিনা নন’ বলে চিৎকার করলেও অনেকেই এই মুহূর্ত ক্যামেরাবন্দী করতে ছাড়েননি। এই ঘটনার পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায় এবং একপর্যায়ে তা খোদ রোনাল্ডোর নজরেও আসে। ভাইরাল হওয়া ওই ভিডিওর কমেন্ট বক্সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজে কেবল চারটি হাসির ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।