এত চুরি করেছেন, চোর শুনতেই হবে! হালিশহরে মমতার হেনস্তাকে জনরোষ বললেন শুভেন্দু অধিকারী

হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্তার ঘটনাকে প্রবল জনরোষ বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, এত চুরি করলে সাধারণ মানুষের কাছ থেকে চোর কথাটি শুনতে হবেই। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় বলেও দাবি করেন তিনি। রবিবার অভয়ার মৃত্যুদিনে মমতা কেন নিহত কর্মীর বাড়িতে না গিয়ে অন্য জায়গায় গিয়েছিলেন, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, প্রমাণ লোপাট ও টাকা দিয়ে কেনার চেষ্টার পর মানুষ গাড়িতে ফুল ছুড়বে না, এটাই স্বাভাবিক।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হালিশহরে এক তৃণমূল কর্মীর পুলিশি হেফাজতের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। পরিবারের অভিযোগ, লকআপে নির্যাতনের ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে এবং পুলিশ মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে যায়। রবিবার দুপুরে সেই নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে মমতাকে লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয় এবং চোর স্লোগান ওঠে। যদিও বিক্ষোভের মাঝেই তিনি পরিবারের সঙ্গে দেখা করেন। তবে শুভেন্দু অধিকারীর অভিযোগ, মৃতের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেননি এবং পুলিশ প্রশাসনের ওপরই তাঁরা ভরসা রাখছেন।