কলকাতা যাওয়ার ঝামেলা শেষ! চাকদহ থেকে সরাসরি শিলিগুড়ি এসি বাস, জানুন সময় ও রুট!

দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলকাতায় এসে বাস ধরার দিন এবার শেষ হতে চলেছে। যাত্রীদের যাতায়াত আরও সুগম করতে নদিয়ার চাকদহ থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত বিলাসবহুল এসি বাস পরিষেবা চালু হচ্ছে এ সপ্তাহ থেকেই। এই বাসে যাতায়াতকারী যাত্রীদের জন্য থাকছে আধুনিক বায়ো-টয়লেটের সুবিধাও। ফলে দীর্ঘ যাত্রাপথে নানান সমস্যায় পড়তে হবে না। ট্রেন বা অন্য যানবাহনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে এই নতুন পরিষেবা নদিয়াবাসীর উত্তরবঙ্গ ভ্রমণ আরও অনেক বেশি আরামদায়ক ও ঝঞ্ঝাটহীন করে তুলবে বলেই মনে করা হচ্ছে।
চাকদহ চৌমাথা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় এই বাসটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে। বাসটি রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুয়াডহরি, বহরমপুর, ফরাক্কা এবং বাগডোগরা হয়ে সোজা শিলিগুড়ি জংশনে পৌঁছাবে। ইতিমধ্যে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওয়েবসাইট ও বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে অগ্রিম টিকিট বুকিংয়ের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে এই রুটে সরাসরি বাসের দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই গণপরিবহণ ব্যবস্থা চালুর ফলে চাকদহ ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ দারুণ উপকৃত হবেন।