পেট্রোলের পর এবার CNG-তেও বড় বদল! বায়োগ্যাস মেশানো নিয়ে এল বড় আপডেট

পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের পর এবার সিএনজির সঙ্গে বায়োগ্যাস মেশানোর প্রস্তুতি শুরু করল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে ২৩,৭৩১ কোটি টাকা ব্যয়ের ‘গোবর্ধন’ যোজনা অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষি বর্জ্য, গোবর ও পৌর জৈব সম্পদকে গ্রিন এনার্জিতে রূপান্তর করা হবে। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষ পর্যন্ত বাস্তবায়িত এই পরিকল্পনার মূল লক্ষ্য কম্প্রেসড বায়োগ্যাসের উৎপাদন ১০ গুণ বৃদ্ধি করা এবং জ্বালানি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানো।
জৈব বর্জ্য থেকে উৎপাদিত এই রিনুয়েবল এনার্জি ব্যবহারের জন্য যানবাহনের ইঞ্জিনে বা বিদ্যমান পরিকাঠামোয় কোনো বড় পরিবর্তনের প্রয়োজন হবে না। বর্তমান পাইপলাইনের মাধ্যমেই এটি সরাসরি পাম্প থেকে গাড়িতে সরবরাহ করা সম্ভব। ইতিমধ্যেই ন্যাশনাল বায়োফুয়েলস কোঅর্ডিনেশন কমিটি সিএনজি ও পিএনজি সেগমেন্টে সিবিজি মিশ্রণের অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি অর্থবর্ষেই সিএনজির সঙ্গে ৩ শতাংশ বায়োগ্যাস মেশানো হবে, যা পরবর্তীতে ২০২৮-২৯ অর্থবর্ষের মধ্যে ধাপে ধাপে বাড়িয়ে ৫ শতাংশ করা হবে।