পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু! হালিশহরে সরাসরি কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হালিশহরে আজ সকালে সশরীরে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর তিনি তাৎক্ষণিক পদক্ষেপে হালিশহর থানার আইসি-কে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে (আইও) সাসপেন্ড করার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে এবং বিকেলে মুখ্যসচিব এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।
নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের স্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া, পরীক্ষার নিয়ম মেনে পরিবারের দুই শিশুর ভবিষ্যৎ ও পড়াশোনার কথা মাথায় রেখে তাঁর স্ত্রীকে সরকারি অ্যাটেনডেন্ট পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই দ্রুত ও সরাসরি পদক্ষেপে স্থানীয় প্রশাসনের ওপর ভরসা ফিরে পেয়েছে শোকস্তব্ধ পরিবার।