‘ধর্ষণ উপভোগ করে মেয়েরা!’ বিস্ফোরক মন্তব্যে তোলপাড়, পুলিশের জালে ডানপন্থী নেতা

দিল্লিতে নিট আন্দোলন চলাকালীন ছাত্রীদের নিয়ে চরম অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কেরলের ডানপন্থী নেতা টিজি মোহনদাসকে আটক করেছে পুলিশ। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তিনি দাবি করেছিলেন, বিক্ষোভের মাঝে গণধর্ষণের ঘটনা ঘটতে পারে এবং মহিলারা নাকি তা উপভোগও করেন! শুধু তাই নয়, ছাত্র আন্দোলন দমনে সরাসরি গুলি চালানোর মতো উসকানিমূলক পরামর্শও দিয়েছিলেন ৭১ বছর বয়সি এই বিজেপি নেতা। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়।
পরিস্থিতি বেগতিক দেখে কেরলের কোচি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামে এবং রবিবার রাতে মাত্তানচেরিতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্তকারীরা তাঁর ইউটিউব চ্যানেল ‘পত্রিকা’-র সমস্ত বিতর্কিত ক্লিপিংস ও ডিজিটাল তথ্য সংগ্রহ করছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁর এই ধরনের বক্তব্য সমাজে তীব্র আতঙ্ক সৃষ্টি ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।