সর্বগ্রাসী দাবানলে পুড়ছে কানাডা! জারি জরুরি অবস্থা

সামারল্যান্ড ও ব্রিটিশ কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সর্বগ্রাসী দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র দু’দিনের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্বিগুণ এলাকায় ছড়িয়ে পড়ায় কানাডা প্রশাসন দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। মিডো ভ্যালিতে এক প্রবীণা মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ১৩৬ বর্গকিলোমিটারের বেশি এলাকা ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
পরিস্থিতির ভয়াবহতা নিয়ে ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবাই জানিয়েছেন, মুহুর্মুহু বোমা পড়ার মতো দ্রুত ছড়াচ্ছে আগুন। বহু বাড়ি ও সম্পত্তি নষ্ট হয়েছে এবং মানুষ আটকা পড়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলায় প্রাদেশিক বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ওইসব অঞ্চলে পর্যটনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জীবন বাজি রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।