এক ফোন কল করলেই মিলবে আলোর দিশা! রাজ্যে শুরু হচ্ছে বিশাল নেত্রদান সচেতনতা অভিযান!

এক ফোন কল করলেই মিলবে আলোর দিশা! রাজ্যে শুরু হচ্ছে বিশাল নেত্রদান সচেতনতা অভিযান!

মৃত ব্যক্তির মৃত্যুর পর মাত্র ছ’ঘণ্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করা গেলে তা দিয়ে দু’জন দৃষ্টিহীন মানুষ নতুন জীবন ফিরে পেতে পারেন। এই মহৎ বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বিশেষ নেত্রদান সচেতনতা শিবির। এই প্রচারকে আরও জোরদার করতে কলকাতার প্রধান মেডিক্যাল কলেজগুলিতে বিশেষ কাউন্সিলর নিয়োগ করেছে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি। পরিবারে কারও মৃত্যু হলে দ্রুত নিকটবর্তী চক্ষুব্যাঙ্কে খবর দেওয়া বা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

রাজ্যে কর্নিয়াল দৃষ্টিহীনতার সমস্যা দূর করতে মৃত ব্যক্তির চোখ সংগ্রহের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মৃত্যুর পর ঘরে সিলিং ফ্যান বন্ধ রাখা, এসি চালিয়ে দেওয়া এবং ভেজা বরফ দেওয়া তুলো বন্ধ চোখের পাতার ওপর রাখলে কর্নিয়া তাজা থাকে। এছাড়া মৃত ব্যক্তির মাথা বালিশ দিয়ে কিছুটা উঁচু করে রাখলে চোখের টিস্যু আর্দ্র থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা চশমা ব্যবহারকারীরাও চোখ দান করতে পারেন, তবে ক্যানসার বা গুরুতর সংক্রমণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। চোখ সংগ্রহের পর রোগীর চোখে কৃত্রিম চোখ বসিয়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *