আচমকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা, ডুবল গাড়ি থেকে বইপাড়া!

সকালের কড়া রোদের পর সোমবার সন্ধ্যায় আচমকা মুষলধারে বৃষ্টিতে আক্ষরিক অর্থেই লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা। টানা বর্ষণের জেরে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। আচমকা এই দুর্যোগে থমকে যায় স্বাভাবিক জনজীবন। রাস্তায় আটকে পড়ে অসংখ্য গাড়ি, জল ঢুকে বিকল হয়ে যায় বহু মোটরবাইক। অটো ও রিকশা চলাচল ব্যাহত হওয়ায় রাতে বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন অফিসফেরত যাত্রীরা। বিশেষ করে উত্তর কলকাতার শ্যামবাজার, উল্টোডাঙা, কলেজ স্ট্রিট এবং এম জি রোড পুরোপুরি জলের তলায় চলে যায়।
পাশাপাশি দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিট, এসএসকেএম হাসপাতাল চত্বর, বেহালা, গড়িয়াহাট ও টালিগঞ্জেও ব্যাপক জল জমে। টানা বৃষ্টিতে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় পাতিপুকুর আন্ডারপাসে। সেখানে জমা জলে একটি গাড়ি সম্পূর্ণ ডুবে যায়, তবে চালক কোনোক্রমে বেরিয়ে আসায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে, কলেজ স্ট্রিটের বইপাড়াতেও জল জমে যায়। সাইলেন্সার দিয়ে জল ঢুকে বিকল হয়ে পড়া বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। চেনা জলযন্ত্রণার এই ছবি শহরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।