একজন সদস্য, তাতেই বাজিমাত! রাজারহাটে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ১৫টি আসনের মধ্যে ১৪টিই তৃণমূলের দখলে, আর বিরোধী শিবিরে রয়েছে মাত্র একটি আসন। এমন রাজনৈতিক সমীকরণেও তাক লাগিয়ে দিল রাজারহাট পঞ্চায়েত সমিতি। পূর্ববর্তী সভাপতি প্রবীর কর পদত্যাগ করায় সোমবার অনুষ্ঠিত হয় নতুন সভাপতি নির্বাচন। সমিতির কনফারেন্স হলে কোনো ভোটাভুটি ছাড়াই বিজেপির একমাত্র সদস্যা রুমা মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। মজার বিষয় হলো, সরাসরি গেরুয়া শিবিরে নাম লেখাননি ১০ জন তৃণমূল সদস্য, তবে তাঁরা হাত তুলে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন রুমাদেবীর পক্ষে। রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার উপস্থিতিতে এই চমকপ্রদ রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। বিজয়ের উল্লাসে মেতে উঠে নতুন সভাপতি সাধারণ মানুষের উন্নয়ন ও কাজের প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, এই অপ্রত্যাশিত রাজনৈতিক সমীকরণ ও পালাবদল ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজারহাট-নিউটাউনের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দাবি করেছেন, ভয়ের পরিবেশ তৈরি করে গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করা হয়েছে। মাত্র একজন সদস্য কীভাবে সভাপতি পদ পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া স্পষ্ট জানিয়েছেন, কাউকে কোনো রকম জোর বা ভয় দেখানো হয়নি, বরং যাঁরা সমর্থন জুগিয়েছেন তাঁরা প্রত্যেকেই স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। বিজেপিতে যোগদান সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি রহস্য জিইয়ে রেখে বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে।