রণক্ষেত্র ঝাড়খণ্ড: ছাত্রদের রক্তে তপ্ত রাজনীতি, বিজেপি-র বন্‌ধে স্তব্ধ রাজ্য!

রণক্ষেত্র ঝাড়খণ্ড: ছাত্রদের রক্তে তপ্ত রাজনীতি, বিজেপি-র বন্‌ধে স্তব্ধ রাজ্য!

রাঁচি: JPSC ও JSSC পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড। সোমবার চাকরিপ্রার্থী ছাত্রদের বিধানসভা অভিযান ঘিরে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা একের পর এক ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ। সংঘর্ষে অন্তত ১৪ জন পুলিশকর্মী আহত হন। ৯ দিন ধরে অনশনে থাকা আন্দোলনকারী ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহতো অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

পুলিশের এই ‘অত্যাচারে’র প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজ্যজুড়ে বন্‌ধের ডাক দেয় বিজেপি। রাঁচির কানকে রোড, কিশোরগঞ্জ, আরগোরাসহ বিভিন্ন স্থানে বিজেপির কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং অধিকাংশ স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে জরুরি পরিষেবা বন্‌ধের আওতামুক্ত রাখা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি আদিত্ব সাহু অভিযোগ করেছেন, জেএমএম সরকার সমস্যা সমাধানের বদলে বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে। অন্যদিকে, আন্দোলনকারী ছাত্ররা পরিষ্কার জানিয়েছেন যে তাঁদের এই লড়াই সম্পূর্ণ অরাজনৈতিক এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনায় বসতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *