ঘরের স্বপ্ন অধরা? ২৩ লক্ষ গৃহহীনদের জন্য বিরাট সুযোগ আনল রাজ্য!

রাজ্যের প্রকৃত গৃহহীনদের চিহ্নিত করতে জোরকদমে চলছে ‘আবাস প্লাস’ সমীক্ষার কাজ। হাতে সময় মাত্র কয়েকদিন থাকায়, আগামী ১৫ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে নয়া উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যেই রাজ্যে প্রায় ২৩ লক্ষ গৃহহীন পরিবার চিহ্নিত হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে এবং কোনো যোগ্য পরিবার যাতে বাদ না পড়ে, সেজন্য চালু করা হয়েছে ‘সেলফ সার্ভে’ বা নিজে নাম নথিভুক্ত করার পদ্ধতি।
পঞ্চায়েত দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগ্রহীরা ‘আবাস প্লাস ২০২৪’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নিজেরাই তুলতে পারবেন। যাঁদের পাকা বাড়ি নেই, তাঁরা এই অ্যাপ ব্যবহার করে সরাসরি আবেদন করতে পারবেন। এরপর সরকারি প্রতিনিধি ও আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। প্রশাসনের অনুমান, এই বিশেষ ব্যবস্থার ফলে উপভোক্তার সংখ্যা পঁচিশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে, যা গৃহহীনদের পাকা ছাদ পাওয়ার পথ আরও প্রশস্ত করবে।