রাজস্থানের ভিডিও পাঞ্জাবের বলে পোস্ট! ট্রোলের মুখে ভাজ্জি!

রাজস্থানের ভিডিও পাঞ্জাবের বলে পোস্ট! ট্রোলের মুখে ভাজ্জি!

মাদকাসক্ত দুই যুবকের একটি ভিডিও পাঞ্জাবের বর্তমান দশা বলে নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে চরম সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভা সাংসদ হরভজন সিং। সম্প্রতি আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হরভজন ওই ভিডিও পোস্ট করে আপশাসিত পাঞ্জাবের আইনশৃঙ্খলা ও ড্রাগের বাড়বাড়ন্ত নিয়ে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পাঞ্জাব এবং যুবসমাজ ধ্বংসের মুখে। কিন্তু তাঁর এই দাবি মুহূর্তেই ধূলিস্যাৎ হয়ে যায় যখন ভিডিওটির সত্যতা সামনে আসে।

তদন্তে জানা যায়, ভাইরাল হওয়া জম্বি ড্রাগ সেবনের ওই ভিডিওটি আদতে পাঞ্জাবের নয়, বরং বিজেপিশাসিত রাজস্থানের শ্রী গঙ্গানগরের। এই ভুল তথ্য সামনে আসার পর পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী বলজিৎ কউর ভাজ্জিকে তীব্র আক্রমণ করে জানান, রাজনৈতিক ফায়দা তুলতে এবং বিজেপি শীর্ষ নেতৃত্বকে তুষ্ট করতেই পাঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তিনি। প্রসঙ্গত, মার্কিন মুলুকে ছড়িয়ে পড়া ‘ট্রাঙ্ক’ বা জম্বি ড্রাগের নেশায় মানুষ আধা-চেতন অবস্থায় জড় পদার্থের মতো দাঁড়িয়ে থাকে। এই ভুলের কারণে বর্তমানে নেটদুনিয়ায় তীব্র ট্রোলের শিকার হয়েছেন হরভজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *